প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে বিচারকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করতে পারেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তবে রায়ের সিদ্ধান্ত ও মূল অংশ প্রস্তুত বা লেখার ক্ষেত্রে কোনোভাবেই এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচারকের নিজস্ব মেধা, মনন এবং আইনগত বিশ্লেষণকেই চূড়ান্ত প্রাধান্য দিতে হবে।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে আয়োজিত এক অভিভাষণে প্রধান বিচারপতি এসব কথা বলেন। আয়োজিত এই কর্মসূচিতে বিভাগের ১১টি জেলা—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিচারিক কর্মকর্তারা অংশ নেন।
অভিভাষণে প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারকদের সার্বিক দক্ষতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করতে বিশেষায়িত পদ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি জানান, বাণিজ্যিক আদালত পরিচালনা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে দ্রুত বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিচারকদের জ্ঞান ও পেশাগত উৎকর্ষ বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে দেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও রয়েছে।