আইন ও আদালতপ্রধান সংবাদ

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় শাস্তি কমানোর প্রস্তাব

সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব করা হয়েছে। কিছু সংজ্ঞাও পরিবর্তন করা হয়েছে, তবে এসব বিষয়কে ফৌজদারি অপরাধ হিসেবে রাখার বিধান বহাল রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধু শাস্তি কমালে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা ও আইনের অপব্যবহারের ঝুঁকি দূর হবে না। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এই খসড়ার ওপর চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সর্বসাধারণের মতামত চাওয়া হয়েছে।

নতুন খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে কমিয়ে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা ৪০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া মানহানির সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা ২০ লাখ থেকে কমিয়ে ৫ লাখ টাকা করার কথা বলা হয়েছে। নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাবও রাখা হয়েছে নতুন খসড়ায়। এসব মাধ্যমে প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তারের আগে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিনা পরোয়ানায় তল্লাশি, ডিজিটাল যন্ত্রপাতি জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা বহাল থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

নতুন খসড়ায় গুজবের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য তৈরি, প্রকাশ বা প্রচার করে জনমনে আতঙ্ক, উত্তেজনা কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানহানির সংজ্ঞা নির্ধারণে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৯ ধারার অনুসরণের প্রস্তাব করা হয়েছে। এতে হেয়প্রতিপন্ন করার সংজ্ঞায় বলা হয়েছে, গঠনমূলক সমালোচনার সীমা অতিক্রম করে কোনো কথা, আচরণ, প্রকাশনা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা কার্যকলাপের মাধ্যমে কাউকে তুচ্ছতাচ্ছিল্য, উপহাস বা অবজ্ঞা করার উদ্দেশ্যে তাঁর ব্যক্তিগত মর্যাদাবোধ ও আত্মসম্মানে আঘাত করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। কারও শারীরিক গঠন, বর্ণ বা দৈহিক বৈশিষ্ট্য নিয়ে বিদ্রূপ করাও এর আওতায় আসবে। এ ছাড়া ছবি, ভিডিও বা কণ্ঠ বিকৃত করে মিম ও ব্যঙ্গচিত্র তৈরি করে কাউকে উপহাসের পাত্র বানানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠানের এক বিশেষজ্ঞ জানান, মানহানির সংজ্ঞা আগে থেকেই দণ্ডবিধিতে রয়েছে, তাই নতুন এই আইনে একই অপরাধ পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি বলেন, মানহানি, গুজব বা হেয়প্রতিপন্নের মতো বিষয়গুলো এই আইনের আওতায় আনা উচিত নয়। এ ছাড়া গঠনমূলক সমালোচনার সীমারেখা ও মানদণ্ড কী হবে, তা নিয়েও সংশয় রয়েছে। রাজনৈতিক ব্যঙ্গচিত্র বা সমালোচনামূলক ক্যারিকেচার তৈরি করাও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

নতুন খসড়ায় নিবন্ধিত সংবাদমাধ্যম ও সেগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য কিছু বিশেষ সুরক্ষার প্রস্তাব রাখা হয়েছে। খসড়ার ৪৬(ক) ধারায় বলা হয়েছে, নিবন্ধিত সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তার করতে হলে ট্রাইব্যুনালের পূর্বানুমতি নিতে হবে। একইভাবে, ২৯ ধারায় কোনো নিবন্ধিত সংবাদমাধ্যম বা সেটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বা আইনি কার্যধারা শুরুর আগে অন্তত ১৫ দিনের লিখিত নোটিশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে এ সুরক্ষার আওতা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ফ্রিল্যান্স সাংবাদিকেরা একই সুবিধা পাবেন কি না, খসড়ায় তা স্পষ্ট নয়। এ ছাড়া সংবাদমাধ্যমের কার্যালয়ে তল্লাশি চালানো কিংবা সাংবাদিকদের ডিজিটাল যন্ত্রপাতি জব্দের ক্ষেত্রে আদালতের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি।

আইন সংশোধনের ক্ষেত্রে অংশীজনদের মতামত গ্রহণ এবং সংশোধিত খসড়াটি উন্মুক্ত করাকে ইতিবাচক হিসেবে দেখলেও সংশ্লিষ্টরা মনে করেন, প্রস্তাবিত সংশোধনীগুলো আইনটির বিদ্যমান উদ্বেগ নিরসনে যথেষ্ট নয়। মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে সংবাদমাধ্যম বা সাংবাদিকদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সমান সুরক্ষা থাকা উচিত বলে মত দিয়েছেন কেউ কেউ। তা না হলে এটি রাজনৈতিক বিরোধী পক্ষ কিংবা সমালোচকদের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে।

আইনের খসড়ায় দেশের অখণ্ডতা, মর্যাদা, নিরাপত্তা, জনশৃঙ্খলা ক্ষুণ্ন করা, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, সহিংসতায় উসকানি, মানহানি, ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্নো এবং ডিজিটাল শিশু যৌন নিপীড়ন রোধে কনটেন্ট ব্লকের সুযোগ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিংবা সরকারের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কনটেন্ট অপসারণ বা ব্লক করার ব্যবস্থা নিতে পারবে। তবে ‘দেশের মর্যাদা’ ও ‘জনশৃঙ্খলা’ ক্ষুণ্ন করার মতো শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। কনটেন্ট ব্লক করা হলে তিন দিনের মধ্যে কারণ জানানোর বিধান থাকলেও, অধিকারকর্মীদের মতে সিদ্ধান্ত নেওয়ার সময়ই তা জানানো উচিত।

খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা বহাল রাখার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুধু শাস্তির মাত্রা কমিয়ে দিলেই একটি আইনের নিবর্তনমূলক চরিত্র পরিবর্তিত হয়ে যায় না। খসড়ায় মানুষের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার উপাদানগুলো এখনো বিদ্যমান রয়েছে এবং এই বৈষম্যমূলক আইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ট্যাগ:#সাইবার সুরক্ষা আইন#আইন সংশোধন#মতপ্রকাশের স্বাধীনতা#গণমাধ্যম#আইসিটি বিভাগ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন