জাতীয়প্রধান সংবাদ

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সফলভাবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করে জানান, ধীরে ধীরে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমমন্ত্রীর উপস্থিতিতে আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সফলভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশ ও দেশবাসীর জন্য একটি অত্যন্ত আনন্দের ও বড় অর্জন। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, এই পরীক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম ধাপে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে এবং ধাপে ধাপে এর পরিমাণ বাড়িয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে ১২০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সূত্র জানিয়েছে, প্রথম গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে নির্দিষ্ট বিরতির পর পুনরায় গ্রিডে সংযুক্ত করে বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে। এই পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান জানান, জাতীয় সঞ্চালন লাইনে এই সংযোগ স্থাপন মানেই তাৎক্ষণিকভাবে চূড়ান্ত বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। এটি মূলত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পরবর্তী পর্যায়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট সম্পূর্ণ চালু হলে এই কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হওয়ার মাধ্যমে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির যুগান্তকারী ব্যবহার বাস্তবায়নের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।

ট্যাগ:#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র#বিদ্যুৎ সরবরাহ#জাতীয় গ্রিড#বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়#বাংলাদেশ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন