পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে নিয়ে আসা জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে।
শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি লরিতে করে আনা জ্বালানির গাড়িবহর নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড় দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ কর্মকর্তারা গাড়িবহরটিকে স্বাগত জানান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। নিরাপত্তার স্বার্থে সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে সব ধরনের ছোট-বড় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছাল।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা সূত্রে জানা যায়, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পরমাণু জ্বালানি দেশে এসে পৌঁছাবে। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে জানান, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
মন্ত্রী জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার পর তা আবার গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।