জাতীয়প্রধান সংবাদ

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর এবং ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের এই পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সকালে গাজীপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে সাভার ও আশুলিয়ায় পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে বলে জানা গেছে।

মজুরি বৃদ্ধির দাবিতে সকালে গাজীপুরের মাওনা, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা চালান। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্পাঞ্চলে আজ ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় বিজিবি, আনসার ও স্পেশাল রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় ২৯টি কারখানা বন্ধ রাখা হয়েছে। সেখানে আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ১৭টি কারখানার শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেননি।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে এবং কোথাও বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

শ্রমিকনেতা খায়রুল মামুন জানান, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের মুক্তি দেওয়া এবং সব পক্ষের অংশগ্রহণে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে চলমান সংকটের দ্রুত সমাধান করা জরুরি।

ট্যাগ:#শ্রমিক অসন্তোষ#তৈরি পোশাক শিল্প#গাজীপুর#সাভার#পোশাক শ্রমিক#অর্থনীতি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন