শিক্ষাপ্রধান সংবাদ

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন ব্যবস্থায় সরকারি উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে। তবে যারা ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে কিংবা কর্মসূচির নির্ধারিত সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এক নির্দেশনায় জানানো হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের সর্বজনীনভাবে উপবৃত্তির আওতায় আনা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হবে।

সরকারি উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে জিটুপি বা গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে। এ পদ্ধতিতে অর্থ পেতে শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। যেসব ছাত্রী ইতিমধ্যে কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে কিংবা সফটওয়্যারে নাম অন্তর্ভুক্ত আছে, তাদের নতুন হিসাব খোলার দরকার নেই। তবে নতুনদের ক্ষেত্রে হিসাব খোলা বাধ্যতামূলক।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত রয়েছে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা বা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। সিম নিবন্ধন ও হিসাবের মালিকানার তথ্যে মিল থাকতে হবে।

হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে অর্থ পাঠানো সম্ভব হবে না। উপবৃত্তি কার্যক্রম পরিচালনায় সমস্যা দেখা দিলে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে।

উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:#উপবৃত্তি#ছাত্রী#শিক্ষা#সরকার#ব্যাংক হিসাব
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন