ঘুম থেকে উঠেই ফোনের স্ক্রিনে চোখ রাখা কিংবা রাতে ঘুমানোর ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে টানা স্ক্রল করা—বর্তমান যুগে এটি যেন এক অদৃশ্য অভ্যাসে পরিণত হয়েছে। তবে চিকিৎসাবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শারীরিক, মানসিক এবং আবেগগত স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। মাত্র এক সপ্তাহের জন্য সকাল এবং রাতের এই স্ক্রলিং বন্ধ রাখলে ঘুম, মেজাজ ও কাজের একাগ্রতায় অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, ঘুমানোর ঠিক আগে মোবাইল ফোন ব্যবহার করলে তা শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়াকে চরমভাবে ব্যাহত করে। ফোনের আলো মস্তিষ্ককে সংকেত দেয় যে এখনো জেগে থাকার সময়। অন্যদিকে স্ক্রিনে দেখা উত্তেজনাপূর্ণ বা উদ্বেগজনক বিষয়বস্তু মনকে শান্ত হতে দেয় না, বরং মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। দীর্ঘমেয়াদে এই অভ্যাস বজায় থাকলে খিটখিটে মেজাজ, সার্বক্ষণিক ক্লান্তি এবং মনোযোগ ও স্মৃতিশক্তির ঘাটতি দেখা দেয়।
অন্যদিকে, সকালে ঘুম ভাঙার পর সূর্যের প্রাকৃতিক আলো মস্তিষ্ককে দ্রুত সজাগ ও কর্মক্ষম হতে সাহায্য করে। অথচ বিছানায় শুয়ে দীর্ঘ সময় ফোন স্ক্রল করলে এই প্রাকৃতিক প্রক্রিয়া বিলম্বিত হয়। ফলে সারাদিন শরীর ঝিমুনি ও অলসতায় আচ্ছন্ন থাকে। এছাড়া দিনের শুরুতেই অন্যের মতামত বা নেতিবাচক খবর পড়লে মানসিক ভারসাম্য নষ্ট হয় এবং মন সারাদিনের জন্য অস্থির ও প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।
তবে মাত্র এক সপ্তাহ সকাল ও রাতের এই স্ক্রলিং অভ্যাস বন্ধ রাখলে কিছু অসাধারণ পরিবর্তন লক্ষ করা যায়। প্রথমত, মনের বিক্ষিপ্ততা কমে আসে এবং বর্তমান মুহূর্তকে গভীরভাবে উপভোগ করার মানসিকতা তৈরি হয়। দ্বিতীয়ত, আবেগজনিত মানসিক চাপ হ্রাস পায়, যা দিনে শরীরে বাড়তি শক্তি জোগায় এবং কাজেকর্মে একাগ্রতা বৃদ্ধি করে।
তৃতীয়ত, এক সপ্তাহ পর শরীরের জৈবিক ঘড়ি বা ঘুমের স্বাভাবিক ছন্দ পুনরায় সুশৃঙ্খল হয়ে ওঠে। সকালে প্রাকৃতিক রোদের সংস্পর্শে এলে সারাদিন সতেজ লাগে এবং রাতে একটি নির্দিষ্ট সময়ে প্রাকৃতিকভাবেই গভীর ঘুম আসে। পাশাপাশি অকারণে স্ক্রল করার সময়টুকু বেঁচে যাওয়ার ফলে বই পড়া, শরীরচর্চা বা প্রিয়জনদের সঙ্গে কথা বলার মতো ইতিবাচক কাজের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি হয়।
বিশেষজ্ঞরা এই কুঅভ্যাস ভাঙতে ছোট ছোট পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। যেমন—সকালের কফি পানের সময় ফোন হাতে না নেওয়া এবং রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ফোন বিছানা থেকে দূরে রাখা। মাঝেমধ্যে কোনো যন্ত্র ছাড়া চুপচাপ বসে সময় কাটালে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় এবং মানসিক অস্থিরতা দ্রুত কমে আসে।