জাতীয়প্রধান সংবাদ

সরকারি কর্মচারীদের বেতন অসংগতি দূর করতে ৬ মন্ত্রীর কমিটি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোয় গ্রেডের ক্রম, পদোন্নতি ও উচ্চতর গ্রেড সংক্রান্ত অসংগতি দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এসব অভিযোগ পর্যালোচনা করে বেতন গ্রেড পুনর্বিন্যাস, নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার পরিবর্তনের সুপারিশ করার লক্ষ্যে সরকার ছয় সদস্যের এক মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির নাম দেওয়া হয়েছে ‘কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি’। বিভিন্ন পদের বেতন গ্রেড সামঞ্জস্যকরণ, সমন্বয় ও নতুন ভাতা চালুর বিষয়ে সুপারিশ করবে এ কমিটি। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই কমিটিকে সার্বিক সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব এবং জনপ্রশাসনসচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা। এছাড়া অর্থ বিভাগ নবগঠিত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন পদ ও পেশার কর্মীদের বেতন গ্রেড নিয়ে নানা অসন্তোষ রয়েছে। একই ধরনের দায়িত্ব পালন করলেও বেতন গ্রেডের পার্থক্য, পদমর্যাদার সঙ্গে বৈষম্য এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা কমে যাওয়ার বিষয়গুলো নতুন বেতনকাঠামো কার্যকর করতে গিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ইতিমধ্যে এসব জটিলতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গঠিত কমিটি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাওয়া অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সমাধানের সুপারিশ দেবে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না করায় চূড়ান্ত সমাধানের জন্য কর্মচারীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

ট্যাগ:#সরকারি চাকরি#বেতন কাঠামো#মন্ত্রিসভা কমিটি#জনপ্রশাসন#বেতন বৈষম্য
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন