জাতীয়প্রধান সংবাদ

সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস পুকুরে পড়ে শিক্ষকসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় কক্সবাজারগামী একটি শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পুকুরে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক নারী শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এতে অন্তত আটজন শিক্ষার্থী ও যাত্রী আহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সাতকানিয়ার কেরানীহাট এলাকা অতিক্রম করার সময় একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পার্শ্ববর্তী ইটভাটার শ্রমিকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা পানির ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের কেরানীহাটের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহানা আফরোজ ও ইসরাফিলের মৃত্যু হয়।

ট্যাগ:#সাতকানিয়া#সড়ক দুর্ঘটনা#শিক্ষাসফর#চট্টগ্রাম#চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন