অনুমোদন ও শিডিউল চূড়ান্ত হলেও সেন্ট মার্টিনে জাহাজ চলাচল নিয়ে কাটেনি অনিশ্চয়তা
অনলাইন টিকিট বিক্রির পরও প্রথম যাত্রা পেছানোর আভাস প্রশাসনের; কঠোর পরিবেশগত বিধিনিষেধের শর্ত
কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী তিনটি জাহাজের রুট পারমিট ও চলাচলের সময়সূচি চূড়ান্ত হলেও প্রথম যাত্রা নিয়ে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা। অনুমোদন পাওয়ার খবরে অনলাইনে ইতোমধ্যে শত শত টিকিট বিক্রি হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত প্রথম দিনে কোনো জাহাজ ছাড়ছে না। ফলে পর্যটন মৌসুম শুরু হলেও সেন্ট মার্টিনগামী যাত্রীদের অপেক্ষার অবসান সহসাই ঘটছে না।
নৌ পরিবহন অধিদপ্তর সম্প্রতি সেন্ট মার্টিন রুটে চলাচলের জন্য এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফ—এই তিনটি জাহাজকে সাময়িক ভয়েজ লাইসেন্স দেয়। পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রুট পারমিট ও সময়সূচি অনুমোদন করে। অনুমোদিত সূচি অনুযায়ী, কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে জাহাজগুলোর সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা এবং দ্বীপ থেকে ফেরার সময় নির্ধারণ করা হয় দুপুর সোয়া ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন, যা সরকারের দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক প্রবেশের নির্ধারিত সীমার মধ্যে রয়েছে।
তবে অনুমোদনের পর মাঠপর্যায়ে জাহাজ চলাচল শুরু করা নিয়ে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে ইতোমধ্যে সাত শতাধিক টিকিট বিক্রি হলেও তারা এখনো চলাচলের চূড়ান্ত ছাড়পত্র পাননি। অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখা স্পষ্ট করেছে, বৃহস্পতিবার কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না। বিক্রি হওয়া টিকিট সমন্বয় এবং পরবর্তী চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণে মালিকপক্ষ ও প্রশাসনের সমন্বয়ে একটি সভার আয়োজন করা হয়েছে, যার পরই জানা যাবে জাহাজ চলাচলের সঠিক তারিখ। এর মধ্যেই এমভি টেকনাফ কর্তৃপক্ষ তাদের প্রথম যাত্রা এক দিন পিছিয়ে আগামী শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু করার বার্তা দিয়েছে।
এদিকে সেন্ট মার্টিনের পরিবেশ, প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পক্ষ থেকে এবার জারি করা হয়েছে একগুচ্ছ কঠোর বিধিনিষেধ। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিউআর কোডযুক্ত ডিজিটাল ট্রাভেল পাস সংগ্রহ ব্যতিরেকে কোনো টিকিট ইস্যু বা দ্বীপে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে কোনো কোম্পানি একবারে ১৫ দিনের বেশি সময়ের অগ্রিম টিকিট বিক্রি করতে পারবে না।
প্লাস্টিক দূষণ রোধে চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, স্ট্র, মিনিপ্যাক শ্যাম্পু-সাবান এবং ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক পানির বোতল দ্বীপে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে; পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান বাজানো, বারবিকিউ পার্টি এবং মোটরযান চালানো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কেয়াবনে প্রবেশ এবং প্রবাল, শামুক বা সামুদ্রিক প্রাণীর কোনো প্রকার ক্ষতিসাধন সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে। জাহাজে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সাগরে পাখিদের খাবার দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়া কিংবা ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকলে জাহাজ চলাচল বন্ধ থাকবে এবং মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় নতুন সিদ্ধান্ত কার্যকর করতে পারবে।
১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও জাহাজ চলাচল সংক্রান্ত প্রশাসনিক জটিলতা না কাটায় পর্যটকদের পাশাপাশি স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।