জাতীয়প্রধান সংবাদ

স্বাস্থ্যখাতে জাপানি প্রযুক্তি ও বিনিয়োগের অপার সম্ভাবনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফর দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অবকাঠামো, শিল্প, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতও হতে পারে বাংলাদেশ-জাপান সহযোগিতার একটি দীর্ঘমেয়াদি ক্ষেত্র। বিশেষ করে জাপানের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, জনসংখ্যাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

বাংলাদেশে নতুন হাসপাতাল নির্মাণ, চিকিৎসক নিয়োগ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন অবশ্যই জরুরি। কিন্তু মৌলিক প্রশ্ন হলো, আমরা কি শুধু হাসপাতালের শয্যা বাড়াব, নাকি প্রতিরোধযোগ্য রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও কমাব? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগসহ অনেক অসংক্রামক রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও যথাযথভাবে নিয়ন্ত্রণ করা গেলে গুরুতর জটিলতা ও ব্যয়বহুল হাসপাতালে ভর্তির ঝুঁকি কমানো সম্ভব।

জাপান বিশ্বের অন্যতম দীর্ঘায়ু জনগোষ্ঠীর দেশ, যেখানে গড় আয়ু প্রায় ৮৪ বছর এবং ১৯৬১ সাল থেকে সর্বজনীন স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালু রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট চলতি স্বাস্থ্যব্যয়ের প্রায় তিন-চতুর্থাংশই ব্যক্তিগত পকেট থেকে আসে, যা অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপ। জাপানের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শিক্ষা হলো, চিকিৎসা শুধু অসুস্থ হওয়ার পর শুরু হয় না। কর্মক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, বয়সভিত্তিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে দেশটির।

বাংলাদেশের একটি বড় শক্তি হলো, প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো একেবারে নতুন করে তৈরি করতে হবে না। দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। তারপরও সাধারণ মানুষের জন্য সময়মতো মানসম্মত সেবা পাওয়া অনেক ক্ষেত্রে কঠিন, কারণ বিদ্যমান প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে।

আগাম ঝুঁকি শনাক্তকরণ, যথাযথ রেফারেল সম্পন্ন করা এবং ধারাবাহিক ফলোআপ—এই তিন বিষয়কে কেন্দ্র করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করা প্রয়োজন। আগামী তিন বছরে বিদ্যমান স্বাস্থ্য অবকাঠামোর সঙ্গে ডিজিটাল প্রতিরোধমূলক সেবা সংযুক্ত করার বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। প্রথম বছরে নির্বাচিত ইউনিয়নে পরীক্ষামূলক কার্যক্রম, দ্বিতীয় বছরে উপজেলা ও জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং তৃতীয় বছরে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যঝুঁকির ড্যাশবোর্ড তৈরির প্রস্তুতি নেওয়া সম্ভব।

প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য বিপুলসংখ্যক মানুষ বিদেশে যান। দীর্ঘমেয়াদি রোগ আগেভাগে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা গেলে কিছু ব্যয়বহুল জটিলতা প্রতিরোধ করা সম্ভব এবং বিদেশমুখী রোগীর একটি অংশকে দেশেই সেবা দেওয়া যাবে। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন, যা কর্মক্ষমতা বাড়ায় ও চিকিৎসা ব্যয় কমায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চিকিৎসকের সময় ও রোগীর প্রয়োজনের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। ভয়েস-এআই ও মেডিকেল সামারাইজেশনের মাধ্যমে রোগীর গুরুত্বপূর্ণ উপসর্গ, ঝুঁকি ও ইতিহাস সংক্ষেপে উপস্থাপন করা সম্ভব। তবে এআইয়ের তথ্যের নির্ভুলতা যাচাই এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব মানুষের হাতেই থাকতে হবে। একটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা তরুণ গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে, তবে রোগীর তথ্যের সুরক্ষায় শক্তিশালী এনক্রিপশন ও স্বাধীন তদারকি অপরিহার্য।

জাপানের সঙ্গে স্বাস্থ্যখাতের সহযোগিতাকে শুধু অনুদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলা উচিত। প্রাথমিক পর্যায়ে জাপানি প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ও প্রশিক্ষণ দেবে এবং পরবর্তীতে বাংলাদেশে নির্দিষ্ট স্বাস্থ্যপরীক্ষার যন্ত্র ও উপকরণ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। 'মেড ইন বাংলাদেশ' স্বাস্থ্যপ্রযুক্তি অর্জনের মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও নতুন কর্মসংস্থান লাভ করতে পারে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে একটি যৌথ উদ্যোগের ঘোষণা আসতে পারে, যার লক্ষ্য হবে আগামী তিন বছরে একটি নিরাপদ ও সাশ্রয়ী প্রতিরোধমূলক ডিজিটাল স্বাস্থ্যসেবা মডেল প্রতিষ্ঠা করা। বাংলাদেশের স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ শুধু নতুন হাসপাতাল তৈরি নয়, বরং কত মানুষকে সুস্থ রাখা গেল এবং কত পরিবারকে প্রতিরোধযোগ্য চিকিৎসাব্যয় থেকে রক্ষা করা গেল—সেটিই হওয়া উচিত সাফল্যের মাপকাঠি।

ট্যাগ:#স্বাস্থ্যখাত#জাপান সফর#ডিজিটাল স্বাস্থ্য#প্রতিরোধমূলক চিকিৎসা#কৃত্রিম বুদ্ধিমত্তা#স্বাস্থ্য অর্থনীতি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন