ক্যাম্পাস সংবাদপ্রধান সংবাদ

১৩ হাজার শিক্ষকের অবসর ভাতার বকেয়া মেটানোর সিদ্ধান্ত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর এবং কল্যাণ সুবিধার বকেয়া টাকা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে আবেদন জমা দেওয়া শিক্ষক-কর্মচারীদের পাওনা মেটাতে জোর দেওয়া হয়েছে।

এর পাশাপাশি হজযাত্রী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পরিশোধের সুপারিশও করা হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে সব পাওনা পরিশোধের পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী আসবেন। এটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে বকেয়ার অপেক্ষায় থাকা এসব মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

উক্ত বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ উপস্থিত ছিলেন।

ট্যাগ:#এমপিও শিক্ষক#অবসর ভাতা#কল্যাণ ট্রাস্ট#শিক্ষা মন্ত্রণালয়#শিক্ষা ও শিক্ষক
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন