উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এই সময় একটি বড় সংশয় দেখা দেয়—উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? নামি বা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় নাকি নিজের পছন্দের বিষয়? এই সিদ্ধান্ত শুধু যে শিক্ষার্থীদের পেশাগত ভবিষ্যৎ নির্ধারণ করে তা নয়, বরং তাদের মানসিক সন্তুষ্টি ও বুদ্ধিবৃত্তিক বিকাশেও গভীর প্রভাব ফেলে। আধুনিক শিক্ষাব্যবস্থায় এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রতিষ্ঠান ও বিষয়—উভয়েরই নিজস্ব গুরুত্ব রয়েছে। তবে সঠিক মূল্যায়নের মাধ্যমে এদের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই সাফল্যের প্রধান চাবিকাঠি।
দেশের শীর্ষস্থানীয় বা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুনির্দিষ্ট কিছু সুবিধা রয়েছে, যা ক্যারিয়ারের শুরুতেই একজন শিক্ষার্থীকে বড় ধরনের ইতিবাচক প্রভাব উপহার দেয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে পড়ার অর্থ কেবল ভালো একটি ডিগ্রি অর্জন নয়; এর সঙ্গে যুক্ত থাকে শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং সরাসরি ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগ। অনেক ক্ষেত্রে করপোরেট দুনিয়ায় নামি প্রতিষ্ঠানের সুনাম প্রাথমিক আবেদন বা সিভি শর্টলিস্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে, প্রতিষ্ঠানের নামের চেয়ে পছন্দের এবং যুগোপযোগী বিষয়ের ওপর জোর দেওয়ার গুরুত্বও কম নয়। মূলত এটিই দীর্ঘমেয়াদি সফলতার মূল ভিত্তি হিসেবে কাজ করে। শিক্ষার্থী যদি তার অনাগ্রহের কোনো বিষ নিয়ে কেবল একটি বিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তি হয়, তবে শেষ পর্যন্ত পেশাগত জীবনে স্থবিরতা অনুভব করতে পারে। বর্তমান একবিংশ শতাব্দীতে সনাতন ডিগ্রির চেয়ে দক্ষতা ও উদ্ভাবনী ধারণার মূল্যায়ন বহুগুণ বেশি। ইংরেজি, আইন, সিএসই, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ডেটা সায়েন্সের মতো যুগোপযোগী বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারলে যে কোনো সাধারণ প্রতিষ্ঠান থেকেও বিশ্বমানের পেশাদার হিসেবে তৈরি হওয়া সম্ভব। উল্টো সামাজিক চাপে পড়ে অপছন্দের বিষয়ে ভর্তি হয়ে অনেকেই পরবর্তী সময়ে মানসিক অবসাদে ভোগে এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।
এ কারণে অন্ধভাবে যে কোনো একটিকে না বেছে উভয়ের মধ্যে ভারসাম্যমূলক সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। প্রথমে নিজস্ব আগ্রহ, শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে কাঙ্ক্ষিত বিষয় নির্বাচন করা উচিত এবং পরবর্তীতে সাধ্যমতো সেরা প্রতিষ্ঠানের জন্য চেষ্টা চালানো প্রয়োজন। সেরা প্রতিষ্ঠানে পছন্দের বিষয় না পেলেও হতাশ না হয়ে যেকোনো মানসম্মত প্রতিষ্ঠানে পড়েও অনলাইন কোর্স, ইন্টার্নশিপ ও প্রজেক্টের মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো যায়। একটি ভালো বিশ্ববিদ্যালয় কেবল শুরুর পথ প্রশস্ত করতে পারে, কিন্তু সফলতার মূল চালিকাশক্তি হলো নির্বাচিত বিষয় ও তাতে অর্জিত ব্যক্তিগত দক্ষতা।