জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় আসন সংখ্যা সামান্য বাড়ানো হয়েছে এবং শিথিল করা হয়েছে আবেদনের জিপিএ শর্ত। গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪২ আসনে শিক্ষার্থী ভর্তি নিলেও, নতুন শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪৮টি আসনে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। এর ফলে আসন বৃদ্ধি পেয়েছে মাত্র ৬টি। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই ভর্তি কার্যক্রমে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ নভেম্বর ২০২৬ এবং শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুবিধার্থে সব ইউনিটে জিপিএ শর্ত কমানো হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ৯০ নম্বরের। এর মধ্যে পরীক্ষায় ৮০টি প্রশ্নে মোট ৯০ নম্বর থাকবে এবং বাকি ১০ নম্বর নির্ধারিত হবে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে। প্রতিটি প্রশ্নের মান ধরা হয়েছে ১.১২৫, যেখানে পূর্বে মান ছিল ১। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর নেগেটিভ মার্কিং কাটা হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
আবেদনের সাধারণ যোগ্যতা অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে চতুর্থ বিষয়সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইউনিটভিত্তিক আলাদা করা হয়েছে।
‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে, যেখানে পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রয়োজন। গত শিক্ষাবর্ষে এই ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ৪.০০ থাকার কঠোর শর্ত ছিল।
‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। অন্যদিকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। অথচ গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৭.৫০ নির্ধারিত ছিল।
‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ নির্ধারণ করা হয়েছে। গত বছর এই ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৮.৫০ এবং অন্যান্য বিভাগের জন্য ৭.৫০ এর শর্ত ছিল।
‘সি১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদের নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এর জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.৫০ প্রয়োজন হতো।
‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য মোট জিপিএ ৮.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। আগের শিক্ষাবর্ষে এই শর্তটি ছিল মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে জিপিএ ৪.০০।
‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত বছর সব বিভাগের জন্য মোট জিপিএ ৮.০০ এর শর্ত ছিল।
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)-এ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এখানে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৮.০০ এবং অন্যান্য বিভাগের জন্য ৭.৫০ নির্ধারিত ছিল।