দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাসের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বুধবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় মূল্য সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়। এর মাধ্যমে দেশের বাজারে টানা ছয় দফায় স্বর্ণের দাম হ্রাস পেল।
এর আগে গত ১৪ নভেম্বর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। এছাড়া ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা দাম কমিয়েছিল সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
স্বর্ণের পাশাপাশি বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা।