আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কোনো কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের কর্মসূচি বাস্তবায়নে দুটি ওয়ার্কিং গ্রুপ বর্তমানে কাজ করে যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের মূল পর্যালোচনার কাজ শেষ হবে। নির্ধারিত এই সময়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে কার্যক্রম শুরু হবে।
শর্তের কারণে বাংলাদেশ আইএমএফের কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের আমলের যে রূপরেখা ছিল, সেখানে এমন অনেক বিষয় যুক্ত করা হয়েছে যা একটি নতুন বা নির্বাচিত সরকারের পক্ষে হুট করে বাস্তবায়ন করা সম্ভব নয়।
সংস্কার ও অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সময়ের প্রয়োজন রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, রাতারাতি কোনো কড়া সিদ্ধান্ত নিতে গেলে দেশের সাধারণ জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হবে। এতে জাতীয় অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশ্ব অর্থনীতির বর্তমান পরিবর্তনের বিষয়টি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের নতুন অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হচ্ছে। দেশের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে যুক্ত হয়েছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো সংস্থাকগুলোর সঙ্গে আইএমএফও এখন এই কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এগোচ্ছে। সব উন্নয়ন অংশীদাররা সমন্বিতভাবে যুক্ত না হলে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে না।