বাংলাদেশ থেকে কোটি দেড়েক ভিডিও ডিলিট করেছে টিকটক

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ১ কোটি ৪৮ লাখ ভিডিও মুছে ফেলেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

সম্প্রতি প্রকাশিত টিকটকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে জানানো হয়, নির্দিষ্ট একটি ত্রৈমাসিকে বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও অপসারণ করা হয়েছে। এটি প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। তবে পরবর্তী সময়ে ব্যবহারকারীদের আপিল এবং অন্যান্য যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়।

একই সময়ে বিশ্বজুড়ে প্রায় ১৮ কোটি ৮৩ লাখের বেশি ভিডিও অপসারণ করে টিকটক, যা বিশ্বব্যাপী মোট আপলোড করা কনটেন্টের শূন্য দশমিক ৫ শতাংশ। মূলত নীতিমালা লঙ্ঘনকারী অশ্লীল, সংবেদনশীল ও আপত্তিকর কনটেন্টের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং এডিটেড মিডিয়া এই অপসারণের আওতাধীন ছিল।

ভিডিওর পাশাপাশি উক্ত সময়ে বিশ্বজুড়ে ২৭ কোটি ৮৩ লাখের বেশি কমেন্ট এবং প্রায় ১৪ কোটি ৬৮ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সন্দেহে ২ কোটি ৬৮ লাখ অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে, যা টিকটকের নীতিমালার পরিপন্থী।

ট্যাগ:#টিকটক#ভিডিও ডিলিট#কমিউনিটি গাইডলাইন#প্রযুক্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন