আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও হুমকির অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এই নোটিশ পাঠান। পরীমনি ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর পরীমনির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, ক্যামেরা ট্রাইপড ভাঙচুর এবং এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী এবং এক সাধারণ বিচারপ্রার্থী আহত হন। আদালত চত্বরে পরীমনি এক সংবাদকর্মীকে লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ, গালিগালাজ ও হুমকি প্রদান করেন বলেও নোটিশে দাবি করা হয়।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে শিল্পী সমিতিকে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।