সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের অন্যতম জনপ্রিয় দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এক বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার এই বিশেষ ইনডোর কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘হোক কলরব’ শিরোনামের এই ইনডোর কনসার্টটির মূল আয়োজক টোয়েন্টিজ কমিউনিকেশনস, আর অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছে ‘সেন্স ইট’। সংগীতাোজনের বিষযে আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে অর্ণব তাঁর শ্রোতানন্দিত গান ‘হোক কলরব’ ও ‘তোমার জন্য’সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করবেন। এ অনুষ্ঠানে অর্ণবের সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশনায় অংশ নেবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম এবং সুনিধি নায়েক।
এই ইনডোর কনসার্ট আয়োজন প্রসঙ্গে টোয়েন্টিজ কমিউনিকেশনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শীত মৌসুমের সূচনালগ্নে পরিচিত ও প্রিয় শিল্পীদের পরিবেশনা এবং নানা চমক সমন্বয় করে শ্রোতা-দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়াই তাদের লক্ষ্য। বিজ্ঞপ্তিতে সংগীতপ্রেমী দর্শকদের প্রিয়জনদের সঙ্গে নিয়ে এই আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, ২০০৬ সালে আত্মপ্রকাশ করে অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’। বাজারে আসার পরপরই অ্যালবামটির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং তরুণ প্রজন্মের মাঝে গভীর আলোড়ন সৃষ্টি করে। অ্যালবামের শীর্ষ শিরোনাম গান ‘হোক কলরব’-এর গীতিকার রাজীব আশরাফ, যিনি ২০২৩ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত হন। মূলত তাঁর রচিত একটি কবিতা অবলম্বন করেই গানটির সুর ও সংগীত তৈরি করেছিলেন অর্ণব। গানটি পরবর্তীতে দেশ-বিদেশের নানা সামাজিক ও ছাত্র আন্দোলনে বিশেষ উদ্দীপনামূলক স্লোগান হিসেবে সমাদৃত হয়।