উৎসবমুখর পরিবেশে রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। বাঙালির প্রাচীন এই সংস্কৃতির টানে জড়ো হয়েছিলেন নানা বয়সের মানুষ। গ্রামীণ ঐতিহ্যকে নগরবাসীর সামনে তুলে ধরতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
নবান্ন উৎসবে দিনভর ছিল নানা আয়োজন। পিঠাপুলি, লোকসংগীত, নৃত্য পরিবেশনা এবং গ্রামীণ নানা পণ্যের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে। আয়োজকরা জানান, নতুন ধান কাটা ও ঘরে তোলার আনন্দকে ভাগাভাগি করে নিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। যান্ত্রিক শহরের ব্যস্ততা ভুলে নগরবাসী এই উৎসবে অংশ নিয়ে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া উপভোগ করেন।