গল্পের সঙ্গে গান ও সুরের আবহ তৈরি করে মঞ্চে এলো বিশেষ শ্রুতি প্রযোজনা ‘চাঁদনি পসরে’। বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প এবং তাঁর রচিত নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত কালজয়ী গান মিলিয়ে সাজানো হয় এই আয়োজন। এতে ফুটে উঠে মানুষের মনোজগৎ, প্রেম, বিরহ, নিঃসঙ্গতা ও মানবিক সম্পর্কের নানা গভীর অনুভূতি। হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রযোজনাটি মঞ্চস্থ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এবং সিটি ব্যাংকের নিবেদনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নির্মাতা জাহিদুর রহমান।
‘চাঁদনি পসরে’র মূল বৈশিষ্ট্য ছিল পরিবেশনার অভিনবত্ব। প্রচলিত গল্পপাঠ বা নাট্যরূপের বাইরে গিয়ে হুমায়ূন আহমেদের ছোটগল্পকে আবৃত্তি ও সংগীতের মেলবন্ধনে তুলে ধরা হয়। সাহিত্যিক আবেদন এবং নাটক-চলচ্চিত্রের সুরের আবহ মিলিয়ে তৈরি করা এই শ্রুতিনির্ভর আয়োজন দর্শকদের এক ভিন্ন শিল্পানুভূতির মুখোমুখি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, একটি জাতির প্রকৃত সমৃদ্ধি কেবল অর্থনৈতিক উন্নয়ন বা অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না; বরং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মাধ্যমেই একটি জাতির সঠিক পরিচয় প্রকাশ পায়। হুমায়ূন আহমেদ তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে যে স্থায়ী আসন গড়েছেন, তা বাংলা সাহিত্যের জন্য এক অমূল্য সম্পদ। তাঁর এই সৃষ্টিকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘চাঁদনি পসরে’র মতো ব্যতিক্রমী আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ নিজস্ব এক স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। তাঁর গল্পের চরিত্র, বাস্তবমুখী সংলাপ ও সাবলীল পরিবেশনা কয়েক প্রজন্মের মানুষের আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। অত্যন্ত সহজ ভাষায় মানুষের মনস্তাত্ত্বিক অনুভূতি ও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার ক্ষমতা তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে। সেই চেনা সাহিত্যজগতকেই এবার সংগীত ও আবৃত্তির সমন্বয়ে নতুন আঙ্গিকে মঞ্চে তুলে আনা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আবৃত্তি অঙ্গনে হুমায়ূন আহমেদের ছোটগল্প নিয়ে এ ধরনের শ্রুতি প্রযোজনা এটাই প্রথম। তাঁদের আশা, এই ধরনের প্রয়াস নতুন প্রজন্মের তরুণদের মাঝে বাংলা সাহিত্য পাঠ, আবৃত্তিচর্চা ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ আরও বাড়াবে। হুমায়ূন আহমেদের কালজয়ী সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গল্প ও গানকে সঙ্গে নিয়ে আবৃত্তিশিল্পের নতুন সম্ভাবনাও ফুটিয়ে তুলেছে এই উদ্যোগ।