রাজধানী ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী শনিবার (১৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও এসব তথ্য পাওয়া যাবে।
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.shksc.edu.bd) থেকে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।