ক্যাম্পাস সংবাদপ্রধান সংবাদ

সেরা ১০ নবীন চিকিৎসককে ইউনিভার্সেল মেডিকেলের সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ নবীন চিকিৎসককে সম্মাননা জানিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এ উপলক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’।

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি হয়ে ওঠে নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলা। আয়োজকরা জানান, সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় এই মেধাক্রমের বিষয়টি সম্পর্কে খুব বেশি পরিচিত নয়। মেধাবী নবীন চিকিৎসকদের অর্জন তুলে ধরা, তাদের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

ডা. আশীষ বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সহ সারাদেশের জটিল ও মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল; ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু এবং সংবাদমাধ্যমের পক্ষ থেকে বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।

নিজ নিজ বক্তব্যে সবাই এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন এবং ব্যতিক্রমী এই আয়োজনের জন্য হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত মেধাবী চিকিৎসকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকেরা হলেন— ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (প্রথম, ঢাকা মেডিকেল কলেজ), ডা. ফারিহা রহমান (দ্বিতীয়, ঢাকা মেডিকেল কলেজ), ডা. আল ইশরাত জাহান ঈশিতা (তৃতীয়, ঢাকা মেডিকেল কলেজ), ডা. ইসরাত নাজিয়া তানিন (চতুর্থ, পটুয়াখালী মেডিকেল কলেজ), ডা. সিফাত-ই-সাদিকা ও ডা. মো. তৌহিদুল ইসলাম (যুগ্মভাবে পঞ্চম), ডা. নামান মুখিজা (সপ্তম, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ) এবং ডা. নাহিদ ইসলাম শমী, ডা. মাহমুদুন নবী ইমন ও ডা. আলিফ সানজানা রুমু (যুগ্মভাবে অষ্টম)।

হাসপাতালের পক্ষ থেকে শীর্ষস্থানীয় এই ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ ও উপহারসামগ্রী প্রদান করা হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, এই আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হবে, যাতে চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা আরও বিকশিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান এবং সমন্বয় করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

ট্যাগ:#মেডিকেল#চিকিৎসক সম্মাননা#ইউনিভার্সেল মেডিকেল#এমবিবিএস পরীক্ষা#স্বাস্থ্য শিক্ষা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন