নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। হুমায়ূনের লেখা উপন্যাস ‘নলিনী বাবু বিএসসি’ পাঠের পর তিনি জানান, কথাশিল্পীর লেখার দৃষ্টিভঙ্গি, অনন্য রসবোধ ও কল্পবিজ্ঞানের সাবলীল মেলবন্ধন তাকে বারবার মুগ্ধ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অনুপম রায় লেখেন, হুমায়ূন আহমেদের বই পড়তে তার বরাবরই ভীষণ ভালো লাগে। সম্প্রতি ‘নলিনী বাবু বিএসসি’ উপন্যাসটি পড়া শেষ করে তিনি এটিকে আরেকটি চমৎকার গল্প বলে অভিহিত করেন।
প্রয়াত এই কালজয়ী সাহিত্যিকের ভূয়সী প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন, হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে তিনি এক গভীর আত্মীয়তা অনুভব করেন। জগৎটাকে দেখার তার ভিন্ন দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ এবং বিজ্ঞান-কল্পবিজ্ঞানের সহজ মেলবন্ধন পাঠকদের অনায়াসে মুগ্ধ করে। তার সৃষ্টি একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। অনুপমের মতে, হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা আরও বহুগুণ বেড়ে যায়।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কথাশিল্পী। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে সাফল্য অর্জন করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিন শতাধিক। কথাসাহিত্যের বাইরেও টেলিভিশনের জন্য তৈরি তার ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো ধারাবাহিক নাটকগুলো অভাবনীয় দর্শকপ্রিয়তা লাভ করেছিল।
নিজের রচনা ও পরিচালনায় তিনি ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’-র মতো ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়া একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা সম্মাননায় ভূষিত হন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে অনুপম রায় শুধু একজন গায়ক নন, তিনি সফল গীতিকার ও সুরকার হিসেবেও সমান পরিচিত। সম্প্রতি গত অক্টোবরে প্রকাশ পেয়েছে এই শিল্পীর ‘ব্যথা নেই’ শিরোনামের একটি সংগীত অ্যালবাম।