ভর্তিপ্রধান সংবাদ

নির্ধারিত সময়েই চবির ভর্তি পরীক্ষা, আবেদনের বাড়তি সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং প্রয়োজনীয় জিপিএ শর্ত পূরণ করেন, তবে তারাও চবিতে ভর্তি আবেদনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই আবেদনের সময়সীমা নির্ধারণে কিছুটা সমন্বয় আনা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

ঘোষিত পরীক্ষাসূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি 'সি' ইউনিট, ৩০ জানুয়ারি 'এ' ইউনিট, ৫ ফেব্রুয়ারি 'বি' ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া উপ-ইউনিটের মধ্যে 'বি-১' ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, 'বি-২' ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং 'ডি-১' ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এবারও ভর্তি পরীক্ষা তিনটি প্রধান কেন্দ্র—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সময়ে অনুষ্ঠিত হবে। মূল ইউনিট 'এ', 'বি', 'সি' ও 'ডি'-এর পরীক্ষা তিনটি বিশ্ববিদ্যায় কেন্দ্রেই অনুষ্ঠিত হলেও 'বি-১', 'বি-২' ও 'ডি-১' উপ-ইউনিটের পরীক্ষা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন যথাযথ প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে পারেন, সেজন্যই আবেদনের সময়সীমা কিছুটা বৃদ্ধি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ:#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়#ভর্তি পরীক্ষা#উচ্চশিক্ষা#ক্যাম্পাস সংবাদ#শিক্ষার্থী
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন
নির্ধারিত সময়েই চবির ভর্তি পরীক্ষা, আবেদনের বাড়তি সুযোগ | ক্যাম্পাস জার্নাল | ক্যাম্পাস জার্নাল