প্রযুক্তির আলোয় মেধা ছড়ালো সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

প্রযুক্তির আলোয় নিজেদের মেধা ও সৃজনশীলতাকে মেলে ধরার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো "5th SHKSC Intra IT Festival-2026"। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মুখর পদচারণা।

​শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের পর্দা ওঠে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও কম্পিউটার ক্লাবের সভাপতি ড. মাহবুবুর রহমান মোল্লা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এ কে এম গোলাম হোসেন।

​শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে উৎসবে আয়োজন করা হয় নানা বৈচিত্র্যময় ইভেন্ট। এর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আইটি অলিম্পিয়াড, কুইজ এবং প্রোগ্রামিং দক্ষতা যাচাইয়ের জন্য রোমাঞ্চকর কোডিং প্রতিযোগিতা। এছাড়া খুদে প্রযুক্তিবিদদের তৈরি বিভিন্ন সফটওয়্যার, রোবটিক্স প্রজেক্ট এবং ওয়াল ম্যাগাজিনের চমৎকার প্রদর্শনী দর্শক ও অতিথিদের ভূয়সী প্রশংসা কুড়ায়। পাশাপাশি তরুণ গেমারদের প্রতিভা বিকাশে গেমিং সেগমেন্ট উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

​প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব ফেরদৌস হোসেন রনি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য জনাব মো. আব্দুল আজিজ, প্রভাতী ও দিবা শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন এবং জনাব আলমগীর হোসেন মোল্লা, ইংলিশ ভার্সন ইনচার্জ নজরুল ইসলাম, আন্তঃ ক্লাব সমন্বয়কারী আনিকুর রহমান, কম্পিউটার ক্লাবের সম্পাদক রুপম সাহা বাপ্পী।

​দিনব্যাপী এ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ছিল 'ক্যাম্পাস জার্নাল'।

ট্যাগ:#সহশিক্ষা কার্যক্রম#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন