রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে তথ্য ও নথি আদান-প্রদানের সুযোগ নিয়ে রপ্তানি নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় জালিয়াতির ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে দেশের রপ্তানিকারকদের অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা পূর্বনির্ধারিত বিকল্প যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে এই নির্দেশনা পাঠানো হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ গ্রাহক ও রপ্তানিকারকদের মাঝে এসব সতর্কতামূলক নির্দেশনা ব্যাপকভাবে প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক যোগাযোগে সাইবার জালিয়াতির ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানের সময় নানা ধরনের প্রতারণার আশঙ্কা দেখা দিচ্ছে, যার মধ্যে রপ্তানি-সংক্রান্ত নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় জালিয়াতি অন্যতম।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় সন্দেহজনক লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকা, অনির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন ব্যবহার না করা এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর তথা পিন ও একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড বা ওটিপি সংক্রান্ত যেকোনো সন্দেহজনক অনুরোধ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ অনুমোদনের আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর সময় ব্যাংক ও ব্যবসায়ীদের বিশেষ সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার নিশ্চিত করতে হবে, যেন তথ্য আদান-প্রদানের সময় তৃতীয় কোনো পক্ষ কোনোভাবেই তা হাতিয়ে নিতে বা পরিবর্তন করতে না পারে।
বাণিজ্যিক কার্যক্রমে যেকোনো ধরনের জালিয়াতির সন্দেহ হলে, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন দেখা দিলে কিংবা রপ্তানি নথি বিকৃতির কোনো ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে অবহিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত ওই সার্কুলারে বর্ণিত সকল সতর্কতামূলক নির্দেশনা যথাযথ মাধ্যমে দেশের সকল রপ্তানিকারকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।