আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া প্রকাশ্য অধিবেশনে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি এ বহুল প্রতীক্ষিত রায় পড়ে শোনাবেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘের এই শীর্ষ আদালত। বিশ্বমঞ্চে ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত এই মামলার চূড়ান্ত রায়ের দিকে এখন তাকিয়ে গোটা আন্তর্জাতিক সম্প্রদায়।
২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়ার দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর পরিচালিত নৃশংস সামরিক অভিযানটি ছিল স্পষ্ট গণহত্যা। সেই অভিযানে নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত শরণার্থীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনও তৎকালীন অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার স্পষ্ট প্রমাণ পায়। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করে আসছে, তা ছিল স্রেফ অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী অভিযান।
মামলাটিতে আইসিজে-র এখতিয়ার নিয়ে মিয়ানমারের তোলা আপত্তি ২০২২ সালের ২২ জুলাই নাকচ করে দেন আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসসহ মোট ১১টি রাষ্ট্র গাম্বিয়ার পক্ষে মামলায় পক্ষভুক্ত হয়েছে। এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি অন্তর্বর্তীকালীন এক আদেশে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত এবং গণহত্যার প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। চূড়ান্ত রায়ে গাম্বিয়া চাইছে মিয়ানমারকে গণহত্যা সনদের লঙ্ঘনে দোষী সাব্যস্তকরণ, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটার আইনি নিশ্চয়তা।
আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এই রায়টি নজিরবিহীন গুরুত্ব বহন করছে। এক দশকেরও বেশি সময় পর এবং আদালতের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো আইসিজে কোনো গণহত্যা মামলার চূড়ান্ত রায় দিতে যাচ্ছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী কোনো গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়’ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত কঠিন এক মানদণ্ড। ফলে এ মামলার সিদ্ধান্ত ভবিষ্যতে চলমান অন্যান্য আন্তর্জাতিক আইনি লড়াই—বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার ক্ষেত্রেও একটি যুগান্তকারী নজির স্থাপন করতে পারে। উল্লেখ্য, আইসিজে কোনো ব্যক্তির নয়, বরং রাষ্ট্রের আইনি দায়বদ্ধতা নির্ধারণ করে এবং এর রায় চূড়ান্ত ও অলঙ্ঘনীয়।
বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও এ রায়ের তাৎপর্য অপরিসীম। বছরের পর বছর দ্বিপাক্ষিক আলোচনা ও আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন যেখানে থমকে রয়েছে, সেখানে সর্বোচ্চ আদালতের এ রায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায়কে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সিলমোহর দেবে। এটি রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পথ সুগম করতে বিশ্ব সম্প্রদায়ের ওপর মিয়ানমারের ওপর কঠোর চাপ প্রয়োগের পথ প্রশস্ত করবে।