তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করার লক্ষ্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘৭ম এসএইচকেএসসি আন্তঃবিজ্ঞান উৎসব ২০২৬ ও কুইজ লীগ ৫.০’ (7th SHKSCSC INTRA SCIENCE FESTIVAL 2026 & QUIZ LEAGUE 5.0)। বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তির মেলবন্ধনে মুখরিত এই উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি অনন্য সব উদ্ভাবন প্রদর্শিত হয়।
দিনব্যাপী উৎসবের উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিকৌশল বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল (পিএইচডি- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সাদাত হোসাইন ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রহমান মোল্লা।
এবারের বিজ্ঞানমেলায় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজস্ব মেধা ও গবেষণাধর্মী চিন্তাভাবনার স্বাক্ষর রেখে তৈরি করে প্রায় ৭০টি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও দেয়াল পত্রিকা (ওয়াল ম্যাগাজিন)। প্রদর্শনীতে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনের নানা সমস্যা চিহ্নিত করে সেগুলোর বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর চমৎকার সব সমাধান তুলে ধরে।
মেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে শিক্ষার্থীদের তৈরি একাধিক বাস্তবভিত্তিক প্রজেক্ট। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— স্মার্ট ওয়াটার লিকেজ ডিটেকশন সিস্টেম; সোলার এনার্জি জেনারেশন সিস্টেম; স্মার্ট ইরিগেশন সিস্টেম; ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম; অটোমেটিক স্ট্রিট লাইট; সোলার সিস্টেম মডেল ও গ্রিন সিটি মডেল; ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইক্লিং সিস্টেম; রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম; স্মার্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম।
প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের চমৎকার সৃজনশীলতার রূপ ফুটে ওঠে বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকাগুলোতে। ‘Wonders of Science’, ‘Exploring the Universe’, ‘Save Earth, Save Life’, ‘The Future of Artificial Intelligence’, ‘Climate Change and Global Warming’, ‘Renewable Energy: Powering the Future’ এবং ‘Discovering the World of Chemistry’ শিরোনামের দেয়াল পত্রিকাগুলো দর্শনার্থী ও অতিথিদের বিশেষ প্রশংসা কুড়ায়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ইসমাঈল বলেন, “শিক্ষার্থীদের এই উদ্ভাবনী চেষ্টা সত্যিই প্রশংসনীয়। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।” বিশেষ অতিথিদ্বয় তাঁদের নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এহেন মেধা ও প্রাগ্রসর চিন্তা দেখে গর্ব প্রকাশ করেন এবং বুয়েটে তাঁদের অধ্যয়ন ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরে অনুজদের অনুপ্রাণিত করেন।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা বলেন, “আমাদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও গবেষণাধর্মী শিক্ষায় উদ্বুদ্ধ করা। এই বিজ্ঞান উৎসব তাদের চিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে আরও শাণিত করবে।”
উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সফল সমাপ্তি ঘটে।
দিনব্যাপী এ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ছিল 'ক্যাম্পাস জার্নাল'।